মাগুরানিউজ.কমঃ
মাগুরায় মটর সাইকেল চুরির সময় হাতেনাতে ২ চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনগণ। সোমবার দুপুর ১২ টার দিকে পলাশ নামে এক যুবক তার নিজের হীরো হোন্ডা মোটর সাইকেলটি ইসলামী ব্যাংকের সামনে রেখে ব্যাংকের কাজে ভিতরে যায়।
এ সময় একটি মোটর সাইকেলে আটককৃত উক্ত দুই চোর এসে মোটর সাইকেলটি চুরির উদ্দেশ্যে তালা খোলার চেষ্টা করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আটকৃতরা হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের আঃ মজিদ গাজীর ছেলে মোহাম্মদ আলী ও একই থানার হরিনগর গ্রামের মুনসুর সানার ছেলে মিন্টু সানা বলে মাগুরা থানার এস আই আব্দুল মাজেদ জানান।
অপর দিকে শালিখা থানার কেষ্টপুর গ্রাম থেকে এলাকাবাসী একই দিনে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় কবির হোসেন নামে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

