মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজার থেকে জাল টাকাসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতদের কাছ থেকে ১২টি একহাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
বুধবার রাত সোয়া দশটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা মধ্যপাড়া গ্রামের কবির হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (২৮) ও একই গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে আব্দুল হান্নান ব্যাপারী (৩২)।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, রাতে জাল নোট ব্যবসায়ী চক্রের দুই সদস্য উপজেলার কানুটিয়া বাজারের সিদ্দিক মোল্যার মুদি দোকান থেকে সিগারেট কিনে এক হাজার টাকার নোট দেয়। এ সময় জাল নোট সন্দেহে দোকানদার তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়। বাজারের লোকজন তাদের ধরে বিনোদপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম সাবুর কাছে নিয়ে যায়। পরে পুলিশ তাদের জাল টাকার নোটসহ আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের কাছে তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান ওসি।


