মাগুরানিউজ.কমঃ
আজ বুধবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার মন্ডলগাতি গ্রামে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে হেলাল (১৮), শানু আক্তার (২৫), শাহাদত বিশ্বাষ (৫৫), সোহেল (২৩), জুয়েল (২১), রাজিব (১৫), বিপ্লব (২০), কামরুজ্জামান (৩৪), আবিরন (৪০), ও বিল্লালকে (৩০) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত হেলাল জানান, মন্ডলগাতি গ্রামে দীর্ঘদিন ধরে আমিনুর ও তমিজউদ্দিনের মধ্যে গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ চলছিল।
মঙ্গলবার বিকেলে তমিজ উদ্দিনের সমর্থক নজরুল বিশ্বাসের স্ত্রী রেবেকা তার দর্জির কাজ বাবদ পাওনা টাকা প্রতিপক্ষ আমিনুর সমর্থক মিকাইলের স্ত্রী সখিনার নিকট চাইতে গেলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুরের লোকজন রেবেকাকে মারধর করে।
এ ঘটনার জের ধরে আজ দুপুরে আমিনুরের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তমিজউদ্দিনের বাড়িতে হামলা করে। এতে নারীসহ ১৫ জন আহত হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএম ও) ডা. মকছেদুল মোমিন জানান, ভর্তিকৃতদের মধ্যে শাহাদত বিশ্বাস, রাজিব বিশ্বাস ও সোহেলের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কয়েজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যপারে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


