মাগুরানিউজ.কমঃ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের পর্দা ওঠে গত ১৮ ডিসেম্বর। সবকিছু ঠিকঠাক থাকলে লিগের শুরু থেকেই অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলতেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু নিষেধাজ্ঞার কারণে লিগ শুরুর আগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রস্তাব ফিরিয়ে দিতে হয় তাকে।
বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বিগ ব্যাশের কয়েকটি দল সাকিবের প্রতি আগ্রহ দেখায়। সাকিবও কথাবার্তা চালিয়ে যান।
শোনা যাচ্ছে, মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে এবার বিগ ব্যাশে খেলতে পারেন সাকিব। দলটির সঙ্গে কথাবার্তা অনেকটা পাকাপাকি। আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষায় রয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।
বিসিবির ছাড়পত্র চেয়ে আবেদনও করেছেন সাকিব। বিসিবির দায়িত্বশীল সূত্র জানায়, জানুয়ারির প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া যেতে পারেন সাকিব।
বিগ ব্যাশে খেলে আর দেশে ফিরবেন না তিনি। সেখান থেকেই ব্রিসবেনে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।
উল্লেখ্য, বিশ্বকাপে অংশ নিতে আগামী ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়া যাবে জাতীয় দল। ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপের পর্দা উঠবে।


