মাগুরানিউজ.কমঃ
আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে মাগুরাতে এরই মাঝে শুরু হয়েছে জল্পনা কল্পনা। চায়ের আসর থেকে শুরু করে সবখানেই আলোচনার বিষয়বস্তু উপ-নির্বাচন। কে হবেন মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থী?
গত ৯ মার্চ এ আসনের এমপি ডা:সিরাজুল আকবর মারা গেলে এই আসনটি শুন্য হয়ে যায়। নিয়ম অনুযায়ী ৯০ দিনের ভেতরে নির্বাচন হবে। আর সেই নির্বাচনকে ঘিরেই চলছে মাগুরাতে তোড়জোড়। শুরু হয়েছে প্রচারনা। প্রতিটি প্রার্থীই নিজেকে যোগ্য এবং প্রধানমন্ত্রীর শুভাকাঙ্খী বলে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচারনা। তবে মাগুরার মানুষ কাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়।
মাগুরা সদর এবং শ্রীপুর থানা নিয়ে গঠিত মাগুরা-১ নির্বাচনী এলাকা। এই আসনে চার বার এমপি হিসেবে ছিলেন সাবেক এমপি মরহুম ড.সিরাজুল আকবর। প্রতিটা নির্বাচনেই সারা বাংলাদেশের জন্য এই আসনটি অনেক গুরুত্ব বহন করে। কেননা মাগুরা-১ এমনই একটি আসন যেখানে আওয়ামীলীগের বাইরের কোন দলের পক্ষে ভোট যুদ্ধে জিতে সংসদে যাওয়াটা সোনার হরিনের মত।
কিন্তু এলাকার সচেতন নাগরিক সমাজের সাথে কথা বললে বিভিন্ন ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। তাদের দাবি বিগত সময়ে কাঙ্খিত উন্নয়ন হয়নি শ্রীপুরের। বরাবরই যেকোন সুযোগ প্রাপ্তিতে পিছিয়ে শ্রীপুর।
আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠ হলেও দীর্ঘ বছর ধরে এই আসনের শ্রীপুর অঞ্চলের মানুষের ভেতরে রয়েছে জমানো ক্ষোভ। আর সেই ক্ষোভটা ছিলো সাবেক এমপি মরহুম ডাঃ সিরাজুল আকবরের উপরই। পরপর চারবার এমপি থেকেও পরিবর্তন হয়নি শ্রীপুর এলাকার। ক্ষমতাশীন দলের একজন এমপি হয়েও এলাকার উন্নয়নে যে পদক্ষেপ নেয়ার কথা ছিলো তার বিন্দুমাত্রও ছিলো না বলে এই আসনের সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
এলাকাবাসীর দাবি সাধারন মানুষের সাথে বলতে গেলে তেমন কোন যোগাযোগই করতেন না সাবেক এই এমপি। বরং তার জন্যই আওয়ামীলীগের ভেতরে দলীয় কোন্দল থেকে শুরু করে নানা ধরনের বিবাদ তৈরি হতো এই আসনে। দিন দিন সাধারন মানুষের আস্থা হারালেও ক্ষমতার বলে আবার তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হতেন। আর এলাকার সাধারন মানুষ নৌকাকে ভালোবেসে বাধ্য হয়েই তাকে ভোট দিতেন। আর সেই ক্ষোভ প্রকাশ থেকেই এলাকাবাসীর দাবি নতুন নেতৃত্ব। দাবি এবারের উপ-নির্বাচনে শ্রীপুর থেকেই মনোনয়ন দেয়া হোক।
তবে আশা ছাড়েনি এলাকার সাধারন মানুষ। ডাঃ সিরাজুল আকবরের মৃত্যুর পর এই আসনটি এখন শুন্য। সামনে উপ-নির্বাচন। এলাকার মানুষের ভেতরে আবার জেগেছে আশার আলো। শ্রীপুরে কোন নেতাকে এমপি হিসেবে কামনা করছে এলাকার মানুষ। এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায় তাদের আশার কথা।
উল্লেখ্য, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত ১নং আসনের প্রায় অর্ধেক ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। ভোটের ক্ষেত্রে সব সময়ই তারা আঃলীগ প্রার্থীকেই সমর্থন দিয়ে থাকেন সেহেতু বিগত ৪টি সংসদ নির্বাচনে এই আসনে আঃলীগের প্রার্থী ডাঃ সিরাজুল আকবর জয়লাভ করেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা মাগুরানিউজকে জানিয়েছেন তারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন এবারের উপনির্বাচনে শ্রীপুর থেকেই যেনো কাউকে মনোনয়ন দেয়া হয় কারন মনোনয়নের ক্ষেত্রে বরাবরই শ্রীপুরকে বঞ্চিত করা হয়েছে।এবারের উপ-নির্বাচনে তাই শ্রীপুরবাসী শ্রীপুর থেকেই কাউকে মনোনয়ন দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন।


