মাগুরানিউজ.কমঃ
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভর্তিচ্ছু ক্ষুদে শিক্ষার্থীদের দৌড়ঝাঁপ। নামকরা স্কুলগুলোতে নিজেদের সন্তানদের ভর্তি করাতে অভিভাবকদের ঘুম হারাম হয়ে গেছে।
এদিকে প্রথম শ্রেণির স্কুলগুলোতে বরাবরের মতই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ সমাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশি সূত্র জানায়, রাজধানীতে ৩০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, তিন শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রায় পাঁচশ’ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, চার শতাধিক ইংরেজি মাধ্যমিক স্কুল ও পাঁচ সহস্রাধিক কিন্ডারগার্টেনসহ প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এসব স্কুলে প্রতি বছর ৫ লাখ শিক্ষার্থী ভর্তি হয়। এদের মধ্যে শতকরা ৯০ ভাগই তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। কারণ রাজধানীতে মানসম্মত স্কুলের সংখ্যা শতাধিকের বেশি নয়। আর এসব স্কুলে সর্বসাকুল্যে ২০-২৫ হাজার শিক্ষার্থী ভর্তি হতে পারে।
রাজধানীতে সবার আগে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল আইডিয়াল স্কুল ও কলেজ। এরপরেই ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। এর মধ্যে ন্যাশনাল আইডিয়াল স্কুল সোমবার ভতিচ্ছুদের বাছাই তালিকা প্রকাশও করেছে।
আর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ফরম বিতরণ শুরু করেছে। বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর মধ্যে বনানী বিদ্যানিকেতনে ১১ নভেম্বর, উদয়নে ১৫ নভেম্বর এবং আইডিয়ালে ১৭ নভেম্বর ভর্তি ফরম বিতরণ শুরু হবে। এ ছাড়া অগ্রনী স্কুল ও কলেজ, মতিঝিল মডেল স্কুল ও কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয়সহ রাজধানীর আরো বেশকিছু স্কুলে ভর্তি প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ এবার ভর্তি ফরম ছেড়েছে অনলাইনে। সরকারি স্কুল ও অনলাইনে ফরম বিতরণের প্রস্তাবনা তৈরি করছে। এ নিয়ে আজ মন্ত্রণালয়ে একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে।


