মাগুরানিউজ.কমঃ
টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে এবারের আসরের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া। মঙ্গলবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচ শুরুর ৩ মিনিটে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে এগিয়ে নিয়েছেন ট্রেন্ট সেইন্সবুরি। এরপর ১৪ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন জেসন ডেভিডসন। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে আমিরাত। কিন্তু ম্যাচের বাকি সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ২-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়ানরা।
আগামী শনিবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, ২০১১ সালের আসরেও ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু জাপানের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে সকারুসদের। এবারে ঘরের মাঠে এশিয়ান কাপের শিরোপা জয়ে দৃঢ় প্রতিজ্ঞ টিম কাহিল ও তার সঙ্গী সাথীরা।


