মাগুরানিউজ.কম:
দেশের প্রায় ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহককে আবারও সিমকার্ড নিবন্ধন করতে হবে। আগামী তিন মাসের মধ্যে এটি সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রথমবারের মতো মোবাইল সিমকার্ড বিক্রির সঙ্গে জড়িত ডিলার ও খুচরা বিক্রেতাদেরও তালিকা তৈরি করা হবে। এ তালিকা অনুযায়ী বিক্রেতারাও নিবন্ধিত হবেন।
নতুন সিমকার্ড বিক্রির ক্ষেত্রে গ্রাহক নিবন্ধনের সময় বিক্রেতার নাম-ঠিকানাও সংরক্ষণ করতে হবে অপারেটরদের। নিবন্ধনবিহীন সিমকার্ড ও ভুয়া নিবন্ধনসম্পন্ন সিমকার্ড বিক্রি বন্ধেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার সকালে সচিবালয়ে সিমকার্ড ব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধ এবং এর প্রতিকার বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বিটিআরসির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই ১২ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার মোবাইল ফোন গ্রাহককে আবার নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী দু’একদিনের মধ্যে এ সিদ্ধান্ত সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট সব দপ্তর এবং মোবাইল অপারেটরদের কাছে পৌছে দেওয়া হবে। এ ছাড়া এখন থেকে কোনো অজুহাতেই আর সিমকার্ড ফ্রি দেওয়া যাবে না।

