মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের ১৪টি ইটভাটায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। মৌসুমের শুরু থেকেই এসব ইটভাটায় দেদারসে কাঠ পোড়ানো হলেও প্রশাসন নির্বিকার। ফলে কয়লার পরিবর্তে ভাটা মালিকরা নির্বিঘ্নে কাঠ পোড়াচ্ছেন। প্রতিদিন ট্রাক ট্রাক কাঠ যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। ফলে ধ্বংস হচ্ছে বৃক্ষরাজি। যার বিরুপ প্রভাব পড়ছে পরিবেশের উপর।
উপজেলার ১৪টি ইটভাটার মধ্যে ২টিতে ব্যবহৃত হচ্ছে তেলের ব্যারেল দিয়ে তৈরি ড্রাম চিমনি। অধিকাংশ ইটভাটা নির্মিত করা হয়েছে আবাদি জমির পাশে। এরমধ্যে একটি ইটভাটা চলছে দুইটি শিক্ষালয় ঘেঁষে। মহম্মদপুর-মাগুরা সড়কের তল্লাবাড়ীয়া এলাকায় বাটা ব্রিকসের উত্তরপাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিমে এস এন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। দুইটি শিক্ষালয়ের গা ঘেষে নির্মিত ইটভাটায় নিত্য পোড়ানো হচ্ছে কাঠ। দুইটি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি এলাকায় ইটভাটা স্থাপন এবং কাঠ পোড়ানোর ফলে পরিবেশ নষ্ট হলেও টনক নড়ছেনা প্রশাসনের।



