মাগুরানিউজ.কমঃ
দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ৬ মার্চ আয়োজিত হয় দুইদিন ব্যাপী ‘ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স প্রথম জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৫’। বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত ওয়ালটন থ্রোবল প্রতিযোগিতার ৯টি পুরুষ ও ৪টি নারী দলসহ মোট ১৩টি দল অংশ নেয়।
তার মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। লিগ পদ্ধতিতে খুলনা থ্রোবল একাডেমিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ পুলিশ দল। রানার্স আপ হয় খুলনা থ্রোবল একাডেমি। আর তৃতীয় স্থান অধিকার করে তিতাস ক্লাব। এই বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিতাস ক্লাবের সৈকত সিদ্দিকী।
এদিকে চারটি নারী দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা থ্রোবল একাডেমি। রানার্স আপ হয় মাগুরা থ্রোবল সমিতি। আর তৃতীয় স্থান অধিকার করে থ্রোবল একাডেমি, বাগেরহাট। এই বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজমা আক্তার (থ্রোবল একাডেমি খুলনা)।
শনিবার এই প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি এইচআরএম এন্ড এডমিন) এস.এম. জাহিদ হাসান। উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল-মামুন।


