মাগুরানিউজ.কমঃ
সারিন স্পোর্টস। ভারতের একটি বিখ্যাত ক্রীড়া সামগ্রী সংগ্রহ কেন্দ্র। এখান থেকে অনেক তারকাই তাদের নিজস্ব ক্রীড়া সরঞ্জাম কিনে থাকেন। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনিও।
সোমবার সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজে পাঁচ ঘণ্টা ছিলেন ভারতের অধিনায়ক। এই সময়ের মধ্যে দেখে শুনে ৬টি ব্যাট কিনলেন ধোনি। জানা গেছে, একেকটি ব্যাটের ওজন ১২৬০ গ্রাম!
আঙ্গুলের চোটের কারণে আপাতত অনুশীলন করতে পারছেন না তিনি। তবে অস্ট্রেলিয়া সফরের জন্য নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। সে জন্যই হয়তো নতুন ব্যাট কিনলেন তিনি। সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিসের কর্ণধার যতীন সারিন বলেন, ‘এখান থেকে ১২৬০ গ্রাম ওজনের ৬টি ব্যাট কিনেছেন ধোনি। একান্ত ব্যক্তিগত কারণে এসেছিলেন তিনি। যে কারণে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি।’
উল্লেখ্য, ২০১১ সালে শেষবার মিরাটে এসে এই সারিন স্পোর্টস থেকেই ব্যাট কিনেছিলেন ধোনি। সেবার সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী। এ ছাড়া বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড়ও এখান থেকেই তাদের ক্রিকেট সরঞ্জাম কেনেন। এমনকি এখান থেকে ব্যাট কিনতেন অস্ট্রেলিয়ার প্রাক্তন রিকি পন্টিংও।


