মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার গোয়লদহ বাজারে শনিবার একদল সন্ত্রাসী দু’টি দোকানে সশস্ত্র হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকাসহ মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বাজারের ‘মৃধা গার্মেন্টেস’-এর মালিক সাইফুল ইসলাম শ্রীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
ভুক্তভোগি সাইফুল ইসলাম অভিযোগে জানান, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে একই উপজেলার চরমহেশপুর গ্রামের তাইজেল এর পুত্র হামিদুল, ফরিদ, এটেম জোয়াদ্দার এর পুত্র শরীফ,কালাম খান পুত্র ইলিয়াস ও ইউসুফ এর পুত্র রানার নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল অস্ত্র-সস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং দোকানের আলমারির ড্রয়ার ভেঙে ৪ লক্ষ ৯০ হাজার টাকা ও দোকানের মূল্যবান কাপড় নিয়ে যায়। এর পরপরই পাশ্ববর্তী ডাবলুর পেট্রোলের দোকানের পেট্রোল রাস্তায় ঢেলে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। এসময় বাজারের অন্য দোকানদাররা এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিষয়টি গোয়ালদহ বাজার কমিটির সভাপতি শামীম রেজার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সংঘবন্ধ এ চক্রটি অনেকদিন ধরেই এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। আমার সম্মুখেই ওই দোকানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে দোকানিকে মারধরসহ টাকা-পয়সা ও কাপড়-চোপড় লুটপাট করে নিয়ে যায়। অতি সম্প্রতি তারা বিকাশ প্রতারণার দায়ে টেররিজম ইন্টিলিজেন্সের হাতে ধরা খেয়ে হাজতবাস করে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে এসে আবার মোবাইলের মাধ্যমে টপ দিয়ে কৌশলে নীরিহ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলামকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান যে, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেল নামে একজনকে আটক করছে সক্ষম হয়েছেন। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


