বিশেষ প্রতিবেদক –
মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট এলাকায় সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ২জন আহত হয়েছেন। নিহত রতন আলী (৫৫) শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের ছহির উদ্দীনের ছেলে।
আহতরা হলেন শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের করন্দি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আবু জাফর (৪০) একই গ্রামের তমসেল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৫৫)।
স্থানীয়রা জানান, মাগুরায় চরমোনাই পীর সাহেবের ওয়াজ মাহফিল শোনার জন্য ৩ জন মোটরসাইকেলে মাগুরার দিকে যাচ্ছিলেন। রাত ৯ টার দিকে বরিশাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর জখম হন। আহত অবস্থায় রাতে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে রতন আলী ও বিল্লাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং আবু জাফরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রতন আলী মারা যান।


