মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ঘর উঠানোর ঘটনাকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও আনসার বাহিনীর সদস্যের গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা শহরের ওয়াপদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বিজিবি সদস্য মনিরুল আটক হয়েছে। আটক মনিরুল শ্রীপুর সদরের আবু তাহেরের ছেলে।
জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘর নির্মান করছিলেন ওই বিজিবি সদস্য। এ সময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুন্ডু। সরকারি জায়গায় ঘর নির্মানে বাঁধা দেওয়ায় তাঁর সাথে বিজিবি সদস্য মনিরুল শেখ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সে আনসার সদস্যদের গায়ে হাত তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা পুলিশের সহায়তায় মনিরুল শেখকে আটক করে থানা হেফাজতে আনা হয়।
এ বিষয়ে মনিরুল শেখের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুন্ডু জানান, সরকারি জায়গা দখল করে মনিরুল শেখ ঘর নির্মাণের খবর পেয়ে আমি ও আমার আনসার সদস্যদের নিয়ে তার নির্মাণ করা ঘর সরিয়ে নিতে অনুরোধ জানায়। এতে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমার আনসার সদস্যদের গায়ে হাত তুলেন মনিরুল শেখ।
শ্রীপুর থানা ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা পুলিশের সহায়তায় তাকে থানা হেফাজতে আনা হয়েছে। উভয়পক্ষের সাথে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

