মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আঠারোখাদা গ্রামের বেনিপুর মাঠ সংলগ্ন রূপদিয়া বিলে আজ মঙ্গলবার দুপুরে কর্মরত অবস্থায় ৪ কৃষক নিহত হয়েছেন।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আজ দুপুরে ওই ৪জন কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা মাগুরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত সেখানে গিয়ে নিহতদের উদ্ধার করে। নিহতরা হলেন আঠারোখাদা গ্রামের রহমত হোসেন মোল্লা (৫৫), শামীম হোসেন মোল্লা (৩৫), মন্নু মোল্লা (২৫) ও সদরের কাশিনাথপুর গ্রামের আকরাম হোসেন মোল্লা (৪০)।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. অমর প্রসাদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মৃত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নিয়ে আসেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে তাৎক্ষণিক ভাবে দশ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষথেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

