মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। মোজাহার বিশ্বাস নামে ওই যুবক নিজেকে শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে দাবি করছেন। তবে তার সঙ্গে ছাত্রলীগের দূরতম সম্পর্কও নেই বলে জানিয়েছে জেলা ছাত্রলীগ।
সোমবার মাগুরা সদর ও শালিখা উপজেলার সীমান্তবর্তী কেচুয়াডুবি এলাকা থেকে মোজাহারকে আটক করা হয়।
পুলিশ জানায়, শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে মোজাহার দীর্ঘদিন ধরেই ইয়াবার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তার বাড়ি শালিখা উপজেলার প্রত্যন্ত এলাকায় হলেও মাদক বেচাকেনার জন্যে সে মাগুরা সদর ও শালিখা উপজেলার সীমান্তবর্তী কেচুয়াডুবি এলাকাকে বেছে নেয়।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই জিএম আনিসুজ্জামানের নেতৃত্বে ওই বাজারে অভিযান চালিয়ে মোজাহারকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসায়িক পার্টনার পলাশ পালিয়ে যেতে সক্ষম হয়।
মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মোজাহারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ অনেক দিনের। সোমবার আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, ছাত্রলীগের শালিখা উপজেলা শাখার সভাপতি পদ তো দূরের কথা, মোজাহারের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। জেলা ও কেন্দ্র অনুমোদিত কমিটির শালিখা উপজেলা সভাপতির নাম কুতুবউদ্দিন।

