মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আখ চাষে আগ্রহ বাড়ছে মাগুরার কৃষকদের। বিশেষ করে গ্যান্ডারী আখ চাষের প্রতি আগ্রহ বেড়েই চলেছে। মাগুরার মাটি গ্যান্ডারী আখ চাষের বিশেষ উপযোগী হওয়ায় এ আখ সুস্বাদু ও রসালো। যার কারনে চাহিদা বেশি হওয়ায় আখ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। দিন দিন নতুন চাষীরাও আগ্রহী হয়ে উঠছে।
মাগুরাতে গ্যান্ডারী আখের বাজার জমে উঠছে। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আখের বাজার। চাহিদা বেশি এবং দাম ভাল পাওয়ায় চাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
মাগুরাতে বেশ কয়েকটি স্থানে পাইকারী আখের বাজার বসেছে। বাজারগুলি ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত খোলা থাকে। আখচাষীরা বিভিন্ন যানবাহনে করে আখ নিয়ে আসেন বিক্রির জন্য। ২৫টি করে আখ আটি বাঁধা থাকে। এখানে মুখে চিবিয়ে খাওয়ার গান্ডারী আখ বিক্রি করা হয়। প্রতি শত আখ ১৫ শ’ থেকে ২হাজার টাকা দরে পাইকারীভাবে কৃষকরা বিক্রি করেন। আর খুচরা বিক্রেতারা প্রতিপিচ আখ ২৫/৩০ টাকা দরে বিক্রি করেন।
নরম, খেতে মিষ্টি ও ঔষধী গুণ থাকায় গ্যান্ডারী এ আখের ভাল বাজার রয়েছে। শ্রাবণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত এই বাজার চালু থাকে। জেলার বিভিন্ন গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বাঘারপাড়া থেকেও কৃষকরা আখ নিয়ে আসেন এখানে বিক্রির জন্য। ফলে মাগুরা গ্যান্ডারী আখের বড় মোকামে পরিণত হয়েছে। অন্যদিকে কৃষকরাও আখ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
গান্ডারী আখ চাষের সম্প্রসারণের জন্য সরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে অভিজ্ঞমহল মনে করেন।

