মাগুরানিউজ.কম:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ বীরেন শিকদার এমপি বলেছেন, নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের সব ধরণের মানবিক সহযোগিতা দিচ্ছে সরকার। পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক পরিবেশ তৈরির জন্য কাজ করা হচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গতকাল সোমবার সাড়ে ১১ টায় শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার দুর্গা মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিকট সরকারি অনুদানের বরদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মহম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শেখ সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার শালিখা উপজেলার ১৪৯টি মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিকট প্রত্যেক মন্দিরের অনুকুলে ৪৮৮.৯৮ কেজি চালের সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়।


