মাগুরানিউজ.কমঃ
মাগুরায় দুই জনপ্রতিনিধির সমর্থকদের সংঘর্ষে আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।
সদরের চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আকিদুল ইসলাম, ওবাইদুর রহমান, ইকরাম মোল্যা, বাহারুল ইসলাম, নওসের মোল্যা, রবিউল ইসলাম, আলি আহম্মদ, সাখাওয়াত মোল্যা , বিল্লাল ও নিউটন নামে ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত বাহারুল ইসলাম, নওসের মোল্যাসহ উপস্থিত তাদের স্বজনরা জানান – সদরের চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান ও ইউনিয়ন পরিষদ সদস্য আকিদুল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এরই এক পর্যায়ে আজ রবিবার সকাল ৮টার দিকে চেয়ারম্যান হাফিজার রহমানের সমর্থক আলী আহম্মেদ ও আকিদুল মেম্বারের সমর্থক করিম মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
এরপর এক পর্যায়ে দুজনের সমর্থকেরা দেশীয় অস্ত্রশন্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। এ সময় কমপক্ষে ৮টি দোকান ও বাড়িঘর ভাংচুর হয়েছে। আহতদের মধ্যে উল্লেখিত ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মাগুরা সদর থানার ওসি একেএম আজমুল হুদা জানান- বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


