মাগুরানিউজ.কম:
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পড়তে হলো বিড়ম্বনায়। স্টেডিয়ামের প্রবেশমুখ ছাড়িয়ে প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ। জলস্রোত তো অনেক দেখা হয়েছে, এবার দেখা গেল জনস্রোত! এই জনস্রোতের অভিষ্ট লক্ষ্য একটাই- মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম! এখানেই যে হচ্ছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের লড়াই! শ্রেষ্ঠত্বের যুদ্ধ! এই যুদ্ধে মাগুরার প্রতিপক্ষ হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মাগুরার মানুষের ফুটবলপ্রেম, ফুটবল উন্মাদনা অনেক আগেই প্রমাণিত। আজ আবারও দেখিয়ে দিলো মানুষের স্রোত বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের জনসমুদ্র। ছুটির দিনে কাজের ফাঁকে একটু হাঁফছেড়ে বাঁচার উপলক্ষ্য। ম্যাচের টিকিট হাতে পাওয়াটাও যেন ছিল সোনার হরিণের মতোই। তবে সবকিছুর ঊর্ধ্বে জায়গা করে নিয়েছে ফুটবল ঘিরে মাগুরার মানুষের ফুটবল প্রেমের নবজাগরণ।


