মাগুরানিউজ.কমঃ
মাগুরার বিভিন্ন নার্সারিতে লাল, হলুদ, বেগুনি, সাদা, গোলাপি রঙের যেন মেলা বসছে। শৌখিন ক্রেতারা নার্সারি থেকে ফুলের চারা নিয়ে যাচ্ছেন নিজ বাড়িতে।
গতকাল সোমবার বিকেলে বিভিন্ন নার্সারিতে এ চিত্র দেখা যায়। নার্সারিতে ঢুকতেই দোকানিরা বলে যাচ্ছিলেন বিভিন্ন ফুলের নাম। শীতের ফুল দেখে ক্রেতার মুখে হাসি দেখা দিলেও তা নার্সারির মালিক ও শ্রমিকদের মুখে হাসি ফোটাতে পারছে না। ফুলগুলোকে সুন্দর দেখাতে নিয়মিত পানি দিতে হয়। যত্ন করতে হয়। একবার ফুল ঝরে গেলে তখন সেই চারা বিক্রি হয় না। আবার ফুল ফোটার জন্য অপেক্ষা করতে হয়। কেননা গাছে ফুল না দেখলে ক্রেতাদের মন ভরে না।
এত সব করার পরও যে পরিমাণ বিক্রি হয়, তাতে লাভ বেশি থাকে না। শীতের নির্দিষ্ট ফুলগুলোর দেখা মেলে না শীতের পরে। অথচ অন্যান্য চারা সারা বছর বিক্রি করা যায়। তাই পুরোটাই ‘লস প্রজেক্ট’। এসব চারা ছোট পলি প্যাকে এবং ফুল ফোটাগুলো পাওয়া যায় টবে।
বিক্রেতারা জানালেন, পলি প্যাকের চারার গড়পড়তা দাম প্রতিটি ২০ থেকে ৫০ টাকার মধ্যে। বড় চারার দাম ফুলের জাত, আকার আকৃতির ওপর নির্ভর করে।


