মাগুরানিউজ.কম:
শীত না এলেও শীতের সবজি আসতে শুরু করেছে মাগুরার হাট-বাজারগুলোতে। তবে দাম তুলনামূলক বেশি। বাজারভেদে দামেরও হেরফের রয়েছে। বিক্রেতারা বলছেন, সবজিগুলো বাজারে নতুন ওঠানোর সময় দাম বেশিই রাখা হয়। কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হয় বলে বিক্রিও করতে হয় বেশি দামে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে সবজির সরবরাহ বেড়ে গেলে দামও কমে আসবে।
মাগুরা পুরাতন বাজারের সবজি বিক্রেতা মো. সবুজ বলেন, কয়েক সপ্তাহ ধরেই শীতের নানা ধরনের সবজি বিক্রি শুরু হয়েছে। দিন দিন সরবরাহ বাড়ছে। তবে নতুন বলে দাম কিছুটা বেশি।
আরেক বিক্রেতা নাসির মিয়া জানালেন, বিক্রেতাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে। এ কারণে তাঁরা ক্রেতাদের কাছে দাম বেশি রাখছেন।
বাজারে ধনে পাতা, মুলা ও ফুলকপি কিনছিলেন পারনান্দুয়ালীর বাসিন্দা আকবর। তিনি জানালেন, পারনান্দুয়ালী বউ বাজারেও সবজি পাওয়া যাচ্ছে। কিন্তু সেসব সবজির দাম পুরাতন বাজার থেকে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি। তাই তিনি পুরাতন বাজারে সবজি কিনতে এসেছেন।


