মাগুরানিউজ.কম:
পূজাকে ঘিরে থাকে নানা ধরনের মিষ্টান্ন জাতীয় খাবারের লম্বা ফিরিস্তি। তার মধ্যে অন্যতম নাড়ু। কারণ পূজা মানেই বাহারি রঙের ভিন্ন ভিন্ন স্বাদের নাড়ু। তাই পূজা আসার আগে থেকেই মাগুরার সব সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে নানা রকম লাড্ডু ও নাড়ু বানানোর ধুম পড়ে যায়। আর নাড়ু তৈরীর মূল উপাদান নারকেল। তাই জেলার সর্বত্রই নারকেলের কদর বৃদ্ধির সাথে মূল্যটাও বেড়েছে প্রায় ২/৩ গুণ।
মূলত মহাষষ্ঠী থেকেই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা, আনন্দ, উত্তেজনা, ভোজ। হিন্দুদের সবচেয়ে বড় এ উৎসবের বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এসব খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হাতে তৈরি নানারকম নাড়ু, লাড্ডু, নারকেল-গুড়ের মিষ্টান্ন ইত্যাদি।
মাগুরা শহরের ঐতিহ্যবাহী থানাপাড়া সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি এপিপি এ্যাড. রতন কুমার মিত্র বলেন, মাগুরাতে পূজার উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদেরই নয়, এটি সার্বজনীন উৎসব। আর পূজোয় দীর্ঘ কালপরিক্রমায় বাঙালিয়ানার অন্তর জুড়েই থাকে হাতে তৈরি ঐতিহ্যবাহী নাড়ু ও মিষ্টি জাতীয় খাবার। যার চাহিদা এখনো অটুট।


