মাগুরানিউজ.কমঃ
শরতের রৌদ্রোজ্জ্বল আকাশে উড়ে বেড়ানো পেঁজা তুলোর মতো সাদা মেঘ, কাশফুলের ঝলকানি জানান দেয় শারদীয়ার আগমনি বার্তা। দেবী দুর্গার আবাহন ঘিরে তাই এখন ঢাকি পাড়ায় ব্যস্ততা চরমে। দুই কাঠির এই বাজনার তাল মেলাতে রাতদিন এক করছেন মাগুরার ঢাকিরা। তাই পুজোর আগেই তাঁরা প্রস্তুতি নিচ্ছেন।
শারদীয়ার আনন্দে যখন বাঙালি মাতবে উৎসবের মেজাজে, তখন স্ত্রী, পুত্র-কন্যা ছেড়ে ঢাকিপাড়ার ঢাকিরা সবাইকে সুরের যাদুতে মাতাতে নিজেরা পরিবার ছাড়া থাকবেন। শারদীয়ার আগমনির বার্তার সঙ্গে সঙ্গে যখন এই ঢাকির দল ঢাকে বোল তুলতে ব্যস্ত তখন বাড়ির মহিলারা উদাস। তাঁদের পরিবারের পুরুষেরা ঢাক বাজাতে বাইরে চলে যায় বাড়তি অর্থ উপার্জনের জন্য। অন্যদের আনন্দ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলেও আনন্দ থাকে না তাঁদের মনে। ফিরবেন যা নিয়ে তা দিয়ে হাসি ফুটবে তাঁদের পরিবারের মুখে।


