মাগুরানিউজ.কমঃ
রাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা। এবার কোরবানির পশু কেনাবেচার বাজারে শেষ হাসি ফুটছে ক্রেতাদের মুখেই। আর আশানুরূপ দাম পাচ্ছেন না বিক্রেতারা। মাগুরার পশুর হাটগুলো ঘুরে দেখা গেছে, পশু কিনে ক্রেতারা দারুণ খুশি। তবে বিক্রেতারা বলছেন, পশু বিক্রির জন্য যে দাম আশা করেছিলাম সেটা পাওয়া গেল না।
রামনগর হাটে ৫টি গরু নিয়ে এসেছেন খামারি আরজু। শুক্রবার বিকাল পর্যন্ত তিনি ৪টি গরু বিক্রি করেছেন। আরজু জানান, তার নিজের খামারের গরু ২টি আর ৩টি গরু তিনি কিনে এনেছেন। তিনি বলেন, ‘খামারের কয়েকটি গরুতে কিছু লাভ হলেও কেনা গরুগুলোতে লোকসান হবে।’
তিনি বলেন, ‘ক্রেতারা দরদাম বেশি করছে। তারা গতবারের সঙ্গে তুলনা করছে। কিন্তু গতবার এক কেজি মাংসের দাম ছিল সাড়ে তিনশ টাকা এবার তা হয়েছে পাঁচশ টাকা। তা ছাড়া এবার গরুর প্রতিটি খাবারের দাম বেড়ে দিগুণ হয়েছে। ক্রেতারা এটা বুঝতেই চাচ্ছেন না।’


