মাগুরানিউজ.কম:
শ্রীপুর থেকে পাইকারি দরে কাঁঠাল কিনে ভ্যান ভর্তি করে বিক্রির জন্য মাগুরা শহরে নিয়ে এসেছেন সাদ্দাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী।
শনিবার সকাল ১০টা থেকে বিশ্বরোড সংলগ্ন শহরের পারনান্দুয়ালী এলাকায় ছোট-বড় বিভিন্ন আকৃতির কাঁঠাল সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন তিনি।
সকাল গড়িয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাতেগোণা কয়েকজন ক্রেতা পেয়েছেন সাদ্দাম। এতে মেজাজ খারাপ সাদ্দামের। তার ওপর ক্রেতার কমতি থাকায় কম দামে কাঁঠাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তিনি।
পাশে দাঁড়ানো এক পরিচিতজনকে উদ্দেশ্য করে সাদ্দাম বলছিলেন, ঈদের আগে ভ্যান থেকে কাঁঠাল নামানোর সাথে মুহূর্তেই অধিকাংশ কাঠাল বিক্রি হয়ে যায়। কিন্তু আজ ক্রেতা এক্কেবারেই নেই। এ চালানে পুঁজি তোলাই মুশকিল হবে বলে হতাশা ব্যক্ত করেন তিনি।
মাগুরা নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সাদ্দাম বলেন, বুঝলাম না, মাগুরা শহরের মানুষগুলা গেল কই? ঈদের আমেজ এখনও রয়ে যাওয়ায় ব্যবসার বারোটা বাজছে বলে মন্তব্য তার।
তিনি জানান, ছোট-বড় মিলিয়ে ৫০টি কাঁঠাল নিয়ে এসেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৪টি কাঁঠাল বিক্রি হয়েছে। আকৃতি অনুযায়ী ৫০ টাকা থেকে তিনশ টাকা পর্যন্ত দামে কাঁঠাল বিক্রি করছেন।
তবে রমজান মাসে একই কাঁঠাল দেড়গুণ বেশি দামে বিক্রি করেছেন বলে জানান তিনি।
আগামীকাল রবিবার থেকে মাগুরা শহর পুরোনো রুপে ফিরবে বলে ধারণা অনেকের।


