মাগুরানিউজ.কম:
মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবদুল মান্নানের উপর সন্ত্রাসি হামলার অভিযোগে শনিবার বিনোদপুরের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ শনিবার মহম্মদপুর ক্রীড়া পরিষদ অফিসে উপজেলা আওয়ামীলীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খানসহ বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান, সহসভাপতি আলহাজ্ব আবুল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পদাক রাশেদ মোল্লা, হাবিবুর রহমান রহমান, আব্দুল মান্নান, কোরবান আলী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইদুল শেখ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুর রহমানসহ মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার সকালে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের উপর হামলা চালানো হয়। হামলার জন্য বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শিকদারকে দায়ী করে তার বহিষ্কারের দাবি জানান দলীয় নেতাকর্মীরা।
এদিকে বৃহস্পতিবারের ওই সন্ত্রাসি হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শনিবার দুপুরেও মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে হামলার ঘটনায় শনিবার দুপুরে এ্যাড. আব্দুল মান্নান বাদি হয়ে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজাকার পুত্র মিজানুর রহমান শিকদারকে ১নং আসামী করে একটি চাঁদাবাজি ও মারপিটের মামলা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান- বৃহস্পতিবার সকালে ঘটা ঘটনাকে কেন্দ্র করে এ্যাড. আব্দুল মান্নান বাদী হয়ে মিজান শিকদারসহ ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।


