মাগুরানিউজ.কমঃ
মাগুরা-যশোর মহাসড়কে মাগুরা সদর উপজেলার শেখপাড়া এলাকায় আজ (বুধবার) সকালে সড়ক দুর্ঘটনায় মীর আতাহার আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাগুরা শহরের কাউন্সিল পাড়ার বাসিন্দা সাবেক এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি) মরহুম অ্যাডভোকেট মীর হাসেম আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আতাহার আলী বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন।
মাগুরা হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রউফ গণমাধ্যমে জানান, মাগুরা-যশোর মহাসড়কের শেখ পাড়া এলাকায় সকাল আনুমাণিক সাড়ে ৭টার দিকে একটি বাস ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে দেয়। এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


