মাগুরানিউজ.কমঃ
ফিনফিনে হালকা কুয়াশার আঁচলে ঢেকে আছে মাগুরা শহরের আনাচ-কানাচে। দিনের শেষে শহরে যখন রাত্রি নামে তখন শহরবাসী ব্যতিব্যস্ত হয়ে নীড়ের খোঁজে ঘরে ফেরে। যাদের মাথার তলায় ছাদ নেই, সেই বাস্তুহীন, ছিন্নমূল মানুষেরা নীড় রচনা করার জন্য জায়গা খুঁজে নেয় কারো বাড়ির বারান্দা, ফুটপাথ, নয়তো পথের ধারে। বেঁচে থাকার সব উপকরণ তো নয়ই, শীত নিবারণের প্রয়োজনীয় বস্ত্রও মেলে না এসব বাস্তুহীন মানুষের। পরিণামে উত্তুরে হাওয়ার তীক্ষ ফলা তাদের গায়ে বেঁধে।
শহরের ছিন্নমূল মানুষেরা রাতের শীত তাড়াতে আগুন জ্বালিয়েছে। শুকনো গাছের ডাল, লতা-পাতা জোগাড় করে শরীরে ওম নিতে জ্বলন্ত আগুনের দিকে দু হাত প্রসারিত করে। শীতের ঠান্ডা বাতাস থেকে রেহাই পেতে এখানকার অনেক বাসিন্দা ঘরের বেড়ায় পলিথিন টাঙিয়ে রেখেছে।


