মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটছে। আহত মুক্তিযোদ্ধা মিয়া মশিউর রহমানকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও প্রতিপক্ষের জীবননাশের হুমকির মুখে এখনও মামলা করতে পারেননি বলে হাসপাতালে মশিউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
মশিউর ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে সাংবাদিকদের বলেন, শ্রীপুরের তখলপুরে নিজ বাড়িতে স্ত্রীসহ থাকেন মশিউর রহমান। সম্প্রতি ওই এলাকার একটি ‘চিহ্নিত দল’ ১০ শতক জমিতে তার লাগানো প্রায় ৩ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।মশিউর বলেন, শুক্রবার বিকালে শ্রীপুর থেকে মাগুরা আসার পথে একদল লোক মশিউর রহমানের উপর হামলা চালায়। তারা হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে তাকে মারধোর করে।
এদিকে হামলাকারীরা তাকে জীবননাশের হুমকি দেওয়ায় তিনি মামলা করতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন মশিউর রহমান।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


