মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আজ সকাল থেকে মাগুরা-যশোর সড়ক ও মাগুরা-ঝিনাইদহ সড়কে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। এতে মাগুরার প্রধান দুটি সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পুলিশের চাঁদাবাজি ও কর্মকর্তাদের দুর্নীতিসহ ১২ দফা দাবিতে আজ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের অনির্দিষ্টকালের এই ধর্মঘট পালন করা হচ্ছে। এতে দীর্ঘ ট্রাকের জ্যাম সৃষ্টি হয়। এসময় শ্রমিকরা তাদের দাবি আদায়ে নানা স্লোগান দেন। রাস্তার দুধারে ট্রাক থামিয়ে সংগঠনের নেতৃবৃন্দ পুলিশ ও স্কেলের চাঁদাবাজিসহ ট্রাক শ্রমিকদের নানা হয়রানির বিরুদ্ধে স্লোগান দেয়। এসময় নেতৃবৃন্দ তাদের দাবি পূরণ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।
মাগুরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জানান, ট্রাক কাভার্ডভ্যান শ্রমিকরা বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির শিকার হন। হয়রানি বন্ধে আমরা সরকারকে বারবার আল্টিমেটাম দিয়েও কোন সুরহা না হওয়ায় ধর্মঘট করতে বাধ্য হচ্ছি।


