জয় মিত্র –
বৃষ্টি কোনোভাবেই দমাতে পারেনি মাগুরার ফুটবল ভক্তদের। ঘর থেকে বের হওয়াটাই যেখানে দায়, সেখানে দমিয়ে রাখা যায়নি মাগুরার ফুটবল প্রেমীদের। আজ সদরের আলোকদিয়া মাঠে মাগুরা সদর উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ভেন্যুর উদ্বোধনী ম্যাচে জগদল ইউনিয়ন মুখোমুখি হয় বগিয়া ইউনিয়ন দলের। বৃষ্টিকে তোয়াক্কা না করে মাঠে নামে দর্শকের ঢল। ফুটবলপ্রেমীদের উন্মাদনায় মুখরিত হয়ে ওঠে আলোকদিয়া মাঠ।
মাগুরা সদর উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ আলোকদিয়া মাঠে জগদল ইউনিয়ন মুখোমুখি হয় বগিয়া ইউনিয়ন দলের। খেলায় বগিয়া ইউনিয়ন ফুটবল দলকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয় জগদল ইউনিয়ন দল।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, ‘সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন নিয়ে ৩টি ভেন্যুতে এ খেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ”আজ আলোকদিয়া মাঠে বৃষ্টি উপেক্ষা করেও মাঠ ভর্তি দর্শকের উপস্থিতি আমাদের অবাক করেছে।
সকল আয়োজনে সহযোগীতার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ও দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার বিকালে রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
মাগুরা সদর উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের পরের ম্যাচ হাজীপুর বনাম রাঘবদাইড় ইউনিয়নের মধ্যে ১৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।


