মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –
বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের ফিরতি খেলায় গোপালগঞ্জ জেলা দলকে ৪-২ গোলে হারিয়েছে মাগুরা জেলা দল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ফুটবল স্টেডিয়ামে এ দু’দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
খেলার ১৪তম মিনিটে মাগুরা ১-০ গোলে এগিয়ে যায়। এরপর ২৪তম মিনিটে গোপালগঞ্জ জেলা দলের খন্দকার খালিদ হাসান গোল করে ১-১ গোলে সমতা আনেন।
২৯তম মিনিটে মাগুরা জেলা দলের তরিকুল ইসলাম গোল করে গোল ব্যবধান ২-১ করেন। খেলার ৩৩তম মিনিটে একই দলের নঈম শেখ ব্যবধান আরও বাড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে মাগুরার নঈম শেখ নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। এরপর ৬১তম মিনিটে গোপালগঞ্জ জেলা দলের আমীর আলী ব্যবধান কমিয়ে ৪-২ করেন।
এর আগে গত ২৫ জানুয়ারি মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় মাগুরা জেলা দল ৪-১ গোলে গোপালগঞ্জ জেলা দলকে পরাজিত করেছিল।

