মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর নৌকায় ভোট দিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখতে তাঁর নিজ নির্বাচনী এলাকা মাগুরা-১ আসনের জনগণসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী দেশবাসীকে আরো উন্নয়ন ও একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবেন।
সোমবার বিকেলে শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এ্যাড. সাইফুজ্জামান শিখর তাঁকে দলের মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মাগুরা জেলা আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এ্যাড. সাইফুজ্জামান শিখর মাগুরাবাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের সন্তান এবং আপনাদের ভালবাসায় বেড়ে উঠেছি। নির্বাচনে নৌকায় ভোট দিলে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হবে এবং মাগুরার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দলমত-নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

