মাগুরানিউজ.কম:
মাঠে ডাল-কঞ্চির ব্যবহারে মিলছে বিষমুক্ত ধান সাথে পরিবেশের ভারসাম্যও রক্ষা হচ্ছে। পোকা নিধনে বিষমুক্ত ‘পার্চিং’ (ডাল পোঁতা) পদ্ধতি মাগুরা অঞ্চলে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে ধানক্ষেতে পোঁতা ডালের ওপর ফিঙে, শালিক, বুলবুলিসহ বিভিন্ন পাখি বসছে। এরা ধানগাছের ক্ষতিকর পোকামাকড় ধরে ধরে খাচ্ছে। তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, উৎপাদিত হচ্ছে বিষমুক্ত ধান। অন্যদিকে ধান চাষে খরচ কম হওয়ায় কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবদুল আজিজ পার্চিং পদ্ধতি সম্পর্কে বলেন, ‘এক বিঘা ধানক্ষেতে তিন থেকে পাঁচটি ডাল বা কঞ্চি পুঁতে দিতে হবে। সেই ডালে পাখি বসবে। আর ধানক্ষেতের মাজরা, চুঙ্গিপোকা, পাতা মোড়ানো পোকা ইচ্ছামতো ধরে ধরে খাবে।
তিনি জানান, এ পদ্ধতি প্রয়োগে কৃষকদের সচেতন করার জন্য তাঁরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। কৃষকরাও এখন আগের চেয়ে সচেতন হয়েছে। পারতপক্ষে এখন আর কেউ ধানক্ষেতে বিষ প্রয়োগ করে না। শতভাগ ধানক্ষেতে ডাল পোঁতার নির্দেশ দেওয়া হয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের।


