মাগুরানিউজ.কমঃ
এবারের কোরবানির হাটে গরু নিয়ে বেশ বিপাকে পড়েছেন মাগুরার খামারিরা। পশু সম্পদ বিভাগের তত্ত্বাবধানে মাগুরায় প্রায় ১১ হাজার খামারি মোটাতাজাকরণের মাধ্যমে পশু পালন করে আসছেন। স্বাস্থ্যসম্মত উপায়ে এসব খামারিরা গবাদি পশু পালন করলেও বিদেশ থেকে গরুর আমদানি হওয়ায় এইখাতে অর্থ লগ্নি করে স্থানীয় খামারিরা পুঁজি হারাতে বসেছেন। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে জেলার প্রায় ১১ হাজার খামারি এ বছর প্রায় ১৬ হাজার গবাদি পশু পালন করেছেন।
খামারিরা জানান, ভালো দাম পাবার আশায় তাদের অনেকেই বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে পশু সম্পদ বিভাগের সহায়তায় প্রস্তুত করেছেন একেকটি গরু। কিন্তু সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল থেকে গরু আমদানি করায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। হাটে প্রত্যেকটা গরুর দাম ১০-১৫ হাজার টাকা কম বলছে। ভারত থেকে গরু আসার কারণে গরুর দাম কমে গেছে। আমরা তো হতাশ এখন কি করবো বুঝতে পারছি না।
একাধিক খামারি বলেন, দুই মাস আগে যে দামে কিনেছি সেই দামও উঠছে না। সরকারের কাছে অনুরোধ ভারত থেকে গরু আসা বন্ধ হলে আমরা খামারিরা বেঁচে থাকব। ভবিষ্যতেও গরু খামার করার আশা আমাদের থাকবে।
মাগুরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকার বলেন, শিক্ষিত বেকার, যুবক এবং কৃষক এই পেশার সাথে যুক্ত হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং তারা লাভবানও হচ্ছে। অবিলম্বে বিদেশি গরুর আমদানি বন্ধ করা না হলে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উৎপাদনশীল এই খাতটি থেকে খামারিরা সরে আসবে। এতে করে এই প্রকল্পের সঙ্গে জড়িত বেকার ও যুব সম্প্রদায় কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবে। যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।


