মাগুরানিউজ.কমঃ
বহুল আলোচিত ২০১৫ সালের ২১ মার্চ মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় নৃশংস পেট্রোল বোমা হামলায় ৫ বালু শ্রমিক নিহত ও অপর ৪ জন গুরুতর জখম হন। সংঘটিত চাঞ্চল্যকর ওই পেট্রোল বোমা হামলার ঘটনার মামলায় ২২ জনের বিরুদ্ধে আজ চার্জগঠন করেছে আদালত।
সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, জেলা জামাতের আমীর আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হকসহ ২২ জনের বিরুদ্ধে এ চার্জ গঠিত হয়।
চার্জভুক্ত অন্যান্য আসামীরা হচ্ছেন- মাগুরা জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি মনোয়ার হেসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল রাশেদ বাকের, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সদর জামায়াতের আমির অধ্যাপক ফারুক হোসেন, মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মাগুরার সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কিজিল খান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, রবিউল ইসলাম নয়ন, আবু তাহের সবুজ, জালাল মোল্যা, মাহাবুব হোসেন মাহাবুব, আল আমীন, জাকারিয়া হোসেন, বাদশা মিয়া, বাশি মিয়া, মো:এরশাদ, এ্যাড. অহিদুর রহমান সজল ও মো: হিট্টু বিশ্বাস।
রাষ্ট্রপক্ষের আইনজীবি মাগুরার পাবলিক প্রসিকিউটর এ্যাড. কামাল হোসেন জানান, বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে একটি বালুর ট্রাকে পেট্রোল বোমা হামলায় ট্রাকের চালক, হেলপাসহ ৯ বালু শ্রমিক অগ্নিদগ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই রাতেই রওশন নামে এক শ্রমিকের মৃত্যু হয়।পরে চিকিৎসাধিন অবস্থায় ট্রাক চালক ইমরান, বালু শ্রমিক মতিন, শাহিন, শাকিল মারা যায়।
এ ঘটনায় পর দিন ২২ মার্চ মাগুরা সদর থানার এস আই আব্দুল সালাম মাগুরা সদর থানায় ২৬ জনকে আসামী করে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে পাঠানো হয়। মামলার গ্রেফারকৃত ৩ আসামী সাদ্দাম, সবুজ ও রাসেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করে।
দীর্ঘ তদন্ত ও আসামীদের জবানন্দী শেষে মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা ডিবি পুলিশের ওসি ইমাউল হক ১৬ আগস্ট ২০১৫ তারিখে মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, জেলা জামাতের আমীর আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হক সহ ২৩ জনের বিরুদ্ধে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারাহ মামুনের আদালতে চার্জশীট দাখিল করেন।
চার্জশীট দাখিলের পর এই মামলায় উভয় পক্ষের শুনানী শেষে বিজ্ঞ আদালত উল্লেখিত ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী ২১ আগস্ট সাক্ষ্য গ্রহনের দিন ধার্য করেন।
চার্জশীটে থাকা ২৩ জনের মধ্যে রাসেল নামে একজনের বিচার কাজ শিশু আইনে আওতায় নেয়ার জন্য আগেই সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।


