মাগুরানিউজ.কম:
ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে ভর্তি করানোর অভিযোগে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের নির্দেশে মাগুরা সদর থানায় ওই পুলিশ সদস্য ও তার বাবার নামে মামলা হয়েছে।ইতিমধ্যেই ওই পুলিশ সদস্যের বাবাকে গ্রেফতার করেছে মাগুরা পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ২০১৩ সালে বাবা আবু হানিফ মোল্যার নামে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে পুলিশে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি পান ছেলে আবু শাওন মোল্যা (২৫)। তাদের বাড়ি শ্রীপুরের কাজলি গ্রামে।
শনিবার মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক জরুরী বার্তায় মাগুরা জেলা পুলিশকে ওই ব্যক্তির সনদ ভূয়া হিসেবে জানানো হয়। একই সঙ্গে পিতা পুত্রের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেয়া হয়।
সে অনুযায়ী মামলার প্রেক্ষিতে শনিবার রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে আবু হানিফকে গ্রেফতার করে পুলিশ। পুত্র পুলিশ সদস্য শাওনকে গ্রেফতারের জন্য কুষ্টিয়া জেলা পুলিশকে জানানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।


