মাগুরানিউজ.কমঃ
দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর অবশেষে ২২ জুন বৃহস্পতিবার দুপুর থেকে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে ঢাকা-খুলনা মহাসড়কে। এদিন বিকাল ৩টা থেকেই মাগুরার সীমাখালিতে নতুন বেইলি ব্রিজের এক লেনের ওপর দিয়ে যাত্রীবাহী বাসসহ চলাচল করছে। ঈদকে সামনে রেখে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা পাচ্ছে দক্ষিণ-পশ্চিম এলাকার বিপুল জনগোষ্ঠী।
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর নির্মিত ব্রিজটি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়ার ফলে ঢাকাসহ দেশের অন্য জেলার সঙ্গে যশোর, খুলনা, সাতক্ষীরা, বেনাপোলগামী যানবাহনগুলোকে ঝিনাইদহ হয়ে অতিরিক্ত ৪০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হয়। মাগুরা-যশোরসহ আন্তঃজেলার যাত্রীরা বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে বাধ্য হন।
বৃহস্পতিবার দুপুরে সংযোগ সড়কসহ নির্মিত বেইলি ব্রিজটি সড়ক বিভাগকে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এর মাধ্যমে দীর্ঘ সাড়ে চার মাসের লাগাতার দুর্ভোগের হাত থেকে রক্ষা পেয়েছে এ সড়কে চলাচলকারী যাত্রী লাখো যাত্রী।


