মাগুরানিউজ.কমঃ
রসে টুপটুপ লিচুর মৌসুম শেষ হলেও মনের মধ্যে সব সময় খুঁজে ফেরে। প্রকৃতি মনের এই আকুতিকে একবারে ফিরিয়ে দিতে নারাজ। তাইতো উপহার দেয় আঁশফল। অপেক্ষাকৃত ছোট আকারের লিচুর মতো দেখতে, স্বাদ ও গন্ধে লিচুর কাছাকাছি আঁশফল। খাওয়ার মজা আঁশফলে রয়েছে প্রচুর খাদ্যগুণ।
‘আমরা এইগুলোরেও লিচু কই। দ্যাখেন না কী সুন্দর লিচুর মত দেখতে। খাইতেও মজা।’ কাঠলিচু হিসেবে পরিচিত আঁশফল খেতে খেতে কথাগুলো বলছিল ১০-১২ বছরের ছোলায়মান, রাহাত, সাব্বির। মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামে কথা হয় ওদের সঙ্গে। ওরা মনের আনন্দে কখনো গাছে চড়ে, আবার কখনো ঢিল ছুড়ে আঁশফল পাড়ছিল। জিজ্ঞেস করতেই রাহাত বলে, ‘লিচু পাড়ি, লিচু খাই।’
দাম বেশি হওয়ায় গ্রামের গরিব মানুষের অনেকের পক্ষেই লিচু কিনে খাওয়া সম্ভব হয় না। তারা লিচুর স্বাদ মেটায় আঁশফল খেয়ে। বাণিজ্যিকভাবে চাষ না হলেও গ্রামের হাটবাজারে এ সময় আঁশফল বিক্রি হতে দেখা যায়। আমিষগুণে ভরা এই ফলের কদর থাকলেও পরিচিতি কম। শহরাঞ্চলেও আঁশফলগাছ দেখা যায়।


