মাগুরানিউজ.কমঃ
মাগুরায় যুবকের পিটুনিতে আহত বাসচালকের মৃত্যুর প্রতিবাদে টানা দুদিন বাস চলাচল বন্ধ থাকার পর মাগুরার দুটি আঞ্চলিক ও দুটি অভ্যন্তরীণ সড়কে আজ বুধবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর মাগুরা-নড়াইল ও মাগুরা-যশোর আঞ্চলিক মহাসড়ক এবং মাগুরা-শ্রীপুর ও মাগুরা-মহম্মদপুর অভ্যন্তরীণ সড়কে বাস চলাচলের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সোমবার সকাল থেকে শ্রমিকেরা দুটি আঞ্চলিক ও দুটি অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। এতে চরম ভোগান্তিতে পড়েন এই চারটি রুটে চলাচলকারী যাত্রীরা।
মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান আজ সকালে বলেন, ওই ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে প্রতিশ্রুতি দিয়েছে। তাই শ্রমিকেরা কাজে ফিরেছে। সকাল থেকে চারটি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
মাগুরা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নায়েব মোল্লা (৩৫) ও সজীব মোল্লা (২৮) নামের স্থানীয় দুই যুবক ওই ঘটনার সঙ্গে জড়িত। আমরা মোটর শ্রমিক ও বাস মালিক পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। দোষীদের গ্রেফতারে সব রকম চেষ্টা করা হচ্ছে।


