মাগুরানিউজ.কমঃ
মাগুরা থেকে এ বছর অন্তত ২০ কোটি টাকার লিচু বিক্রির প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন জানান, সদরের তিন ইউনিয়নে ৫৮০ হেক্টর জমিতে প্রায় ২১০০ লিচুবাগান রয়েছে। এ বছর সেখান থেকে ২০ কোটির টাকার লিচু বিক্রি হতে পারে।
সরজমিনে হাজরাপুর, ইছাখাদা, বারোমাইল, সাঁইত্রিশ, আলমখালী এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কের দুপাশে দেখা গেছে শুধু লিচু আর লিচু।
বাগান থেকে ভেঙে আনা লিচু কার্টন ভরে রাখা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য। গত এক সপ্তাহ ধরে এ এলাকা থেকে প্রতিদিন ১৫-২০ ট্রাক লিচু চালান হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, জানালেন কৃষি কর্মকর্তা রুহুল আমিন।


