মাগুরানিউজ.কমঃ
গ্রীষ্মকালে একদিকে প্রাণ ওষ্ঠাগত করা গরম, অন্যদিকে রসালো ফলের লোভনীয় সমাহার। জামরুল গরমকালের একটি উল্লেখযোগ্য ফল। একদা এ ফল গ্রামীণ জনপদে সীমাবদ্ধ থাকলেও কালের আবর্তে তা হয়ে উঠছে শহুরে, নাগরিক ফল। ধীরে ধীরে এ ফলের বাণিজ্যিক আবাদ জনপ্রিয়তা ও আর্থিক মূল্য সবই বেড়ে চলছে।
দেশের সর্বত্র বসতবাড়ির আশপাশে বিক্ষিপ্তভাবে জামরুল গাছ চোখে পড়ে। তবে বাণিজ্যিকভাবে জামরুল উৎপাদন হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশিত ‘কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থে উল্লেখ করা হয়েছে, বর্তমানে মাগুরা, যশোর, খুলনা, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলে জামরুল বেশি হয়।
ইতোমেধ্যই মাগুরার ফলের বাজারে জামরুল স্থান করে নিয়েছে। তবে তা পরিপক্ক হয়নি। মওসুমের প্রথমে বেশি দাম পাওয়ার আশায় বাগান মালিকরা অপরিপক্ক জামরুল আগে-ভাগেই বাজারজাত করছে। খুচরা বিক্রি করছেন ৬০ টাকা কেজি দরে।


