মাগুরানিউজ.কমঃ
রমজান উপলক্ষ্যে আগামী ১৫ মে থেকে নির্ধারিত মূল্যে পাঁচটি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন এ কর্মসূচি চলবে। মঙ্গলবার (৯ মে) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিসিবি যে পাঁচটি পণ্য বিক্রি করবে সেগুলো হচ্ছে- চিনি, সয়াবিন তেল, ছোলা, মসুর ডাল ও খেজুর।
টিসিবি প্রতিকেজি চিনি ৫৫ টাকা, প্রতিলিটার সয়াবিন তেল ৮৫ টাকা, প্রতিকেজি ছোলা ৭০ টাকা, প্রতিকেজি মশুর ডাল ৮০ টাকা ও প্রতিকেজি খেজুর ১২০ টাকা দরে বিক্রি করবে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, রমজানকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশের ১৮৫টি স্থানে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি পাওয়া যাবে।
ঢাকায় ৩০টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে স্থানে পণ্য বিক্রি করা হবে। এছাড়া বাকি জেলা সদরগুলোতে দুইটি করে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। টিসিবির নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র ও দুই হাজার ৮১১ জন পরিবেশকের কাছ থেকেও ভোক্তারা এসব পণ্য কিনতে পারবেন।
একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ চার কেজি চিনি, তিন কেজি মশুর ডাল, পাঁচ লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


