মাগুরানিউজ.কমঃ
গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে।
যশোর সদর হাসপাতালে কর্তব্যরত এসআই বাবুল চন্দ্র রায় গণমাধ্যমে জানান, নিহতরা হলেন মাগুরা সদরের রামচন্দ্রপুর গ্রামের অরবিন্দু রায় ও তার স্ত্রী ইতি রাণী রায়, যশোর সদরের চুড়ামনকাটির রিজিয়া খাতুন (৪৫), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের রাম প্রসাদ (৪০) ও যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গাড়ি চালক বকচরের বাসিন্দা এনামুল হক (৫৫)।
পরিবারের সদস্যরা এসে তাদের শনাক্ত করেন বলে জানান তিনি।
তাছাড়া আহতদের মধ্যে ১১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার যশোরের সাতমাইল বাজারের কাছে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই ইউসুফ গনমাধ্যমে জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী বাসটি যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারের পাশে একটি ট্রাককে পাশ কাটানোর সময় রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ পাঁচজন নিহত হন।
“পরে বেলা সাড়ে ৩টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত অরবিন্দু রায় মারা যান।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা গণমাধ্যমে বলেন, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


