মাগুরানিউজ.কমঃ
মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে কমপক্ষে ১০টি বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মহম্মদপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, পলাশবাড়িয়া গ্রামে মঙ্গলবার দুপুরে জমিতে দেয়াল তোলা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা গণমাধ্যমে জানান, আধিপত্য বিস্তরের জেরে পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক দুই মেম্বর আকরাম হোসেন ও বকুল মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। গ্রামের বিরোধপূর্ন একটি জমিতে সীমানা দেয়াল তোলা নিয়ে দুপুরে আকরামের সমর্থক মাফুজার ও বকুলের সমর্থক সবুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এক অপরের ওপর হামলা চালায়।এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের সময় অন্তত ১০টি পরিবারের বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর এবং লুটপাট চালানো হয়।
ওসি তরিকুল আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


