মাগুরানিউজ.কমঃ
২০ মে ২০১৭ এর মধ্যে তালিকা চুড়ান্ত না হলে মুক্তিযোদ্ধাদের ভাতা স্থগিত করা হবে বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সতর্ক করে দিয়েছে। অথচ মাগুরার মহম্মদপুরে মুক্তিযোদ্ধাদের দুটি পক্ষের মধ্যকার বিরোধ ও মামলার কারণে উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় এই উপজেলার মুক্তিযোদ্ধারা পড়েছেন দারুন অনিশ্চতার মধ্যে।
মাঠপর্যায় থেকে ২০ মে ২০১৭ এর মধ্যে যাচাই বাছাই করা মুক্তিযোদ্ধাদের তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে না পৌঁছালে আগামী অর্থবছর থেকে সম্মানী ভাতা বা উৎসব ভাতা দেওয়া হবে না মর্মে সম্প্রতি ঘোষণা দিয়েছে জাতীয় মু্ক্তিযোদ্ধা কাউন্সিল। বেধে দেওয়া এই সময়ের মধ্যে কাউন্সিলে জমাকৃত তালিকা অনুযায়ীই দেশের মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে। এরপর কেউ বাদ পড়লে তার দায়দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে একথা জানানো হয়েছে।
মহম্মদপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ১২ জানুয়ারী একটি গেজেট প্রকাশ করে। মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্তির জন্য উপজেলার ৭০০ ব্যক্তি অনলাইনে আবেদন করেন। এরপর ২১ জানুয়ারী যাচাই বাছাই কার্যক্রমও শুরু হয়। কিন্তু অনিয়ম-দূর্নীতির অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১৩ ফেব্রুয়ারি ওই কার্যক্রম বন্ধ করে দেয়। গত ২৮ এপ্রিল পূণরায় যাচাই বাছাই কার্যক্রম শুরু হলে মুক্তিযোদ্ধাদের দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ ও উচ্চ আদালতের এক রিটে তিন মাসের জন্য আবার স্থগিত হয়ে গেছে।


