মাগুরানিউজ.কমঃ
২৪ মার্চ মহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয় পার্টি। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার মাগুরার মহম্মদপুরে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মহম্মদপুর হাজেরা মার্কেটে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় মহম্মদপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি এম খসরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা।
ব্যক্তব্য রাখেন মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র, খান রবিউল ইসলাম মিঠু, মোঃ আসাদুজ্জামান প্রমূখ।
আলোচনা সভার পূর্বে সদ্য অনুষ্ঠিত হওয়া উপ-নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বে-সরকারী ফলাফলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বিজয়ী হওয়ায় অানন্দ মিছিল বের হয়।
এ্যাড. হাসান সিরাজ সুজা বলেন, মহাসমাবেশকে ঘিরে জাতীয় পার্টির নেতাকর্মীরা নতুন করে জেগে উঠেছে। এই উচ্ছ্বাস-আনন্দ তখনই সফল হবে যখন দলকে সুসংগঠিত করে আগামীতে পল্লীবন্ধুকে ক্ষমতায় নিয়ে যেতে পারব।
তিনি বলেন, মহাসমাবেশ থেকে জাতির জন্য দিকনির্দেশনামূলক বার্তা আসবে। জনগণের যে কোনো অধিকার আদায়ে জাতীয় পার্টি মাঠে থাকবে। তিনি মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল করতে সকলকে কাজ করার আহব্বান জানানো হয়।


