মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামে শনিবার সকালে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ৩১ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, উপজেলার পূর্বশ্রীকোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিটলার ও শাহীন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দ্বন্দ্ব চলে আসছিল। এরই সুত্রধরে শনিবার সকালে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্র ঢাল, সড়কি, ভ্যালা নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
সংবাদ পেয়ে শ্রীপুর পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে ৩১ রাউন্ড শর্টগানের ফাঁকাগুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । সংঘর্ষে কোন হতাহত না হলেও এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

