মাগুরানিউজ.কমঃ
সন্ত্রাস-গুপ্তহত্যা ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধে মাগুরার বিভিন্ন পাড়া-মহল্লায় ‘লাঠি-বাঁশির ডিফেন্স পার্টি’ গঠনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। মাগুরা জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে নিয়ে এ ‘ডিফেন্স পার্টি’ গঠন করা হচ্ছে। শ্রীপুর থানার নাকোল ইউনিয়নে আজ লাঠি-বাঁশি বিতরণ করা হয়।
পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্ এসময় বলেন, সন্ত্রাস গুপ্তহত্যা চরমপন্থা প্রতিরোধ করতে মাগুরার বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায় লাঠি-বাঁশির ডিফেন্স পার্টি গঠন করা হচ্ছে। এ ডিফেন্স পাটি লাঠি-বাঁশি নিয়ে রাতে চলাফেরা করবেন। কোনো জঙ্গি বা সন্ত্রাসী তৎপরতার আশংকা করলে বাঁশি বাজিয়ে অন্যদের সজাগ করবেন ও জোটবদ্ধভাবে প্রতিরোধ করবেন। পুলিশ তাদের সহযোগিতা করবে।
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লাঠি-বাঁশি ডিফেন্স পার্টি গঠনের প্রথম কৃতিত্ব মাগুরাবাসীর। বাংলাদেশকে যারা একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখাতে চায়, লাঠি-বাঁশি ডিফেন্স পার্টি গঠন করে প্রতিটি পাড়ায়-মহল্লায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার দুপুরে তিনি মাগুরা পুলিশ ও সচেতন সমাজ আয়োজিত মাগুরা শহরের ভায়না মোড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


